সে অনেককাল আগের কথা। এক গাঁয়ে থাকতো এক দুষ্টু ছেলে। ছেলেটিকে ভালোমতোন শিক্ষা দেবার জন্য তাকে পাঠানো হলো এক গুরুর কাছে। ছেলেটি মা-বাবাকে ছেড়ে থাকতে চাইতো না একেবারেই। তাই মা তাকে গুরুর বাড়িতে বা ক্যাংয়ে (বৌদ্ধ ভিক্ষুদের থাকার ঘর বা একধরনের আশ্রম) রেখে যাবার আগে বলে গেলেন,
মাকে মনে পড়লে দিবেন এক খিলি পান খাওয়াইয়া
বাবাকে মনে পড়লে ফুল দিয়া দিবেন মন ভুলাইয়া।
ছেলের মায়ের কথামতো গুরু, যখনই ছেলেটি অশান্তি করতো, তখনই তার মুখে এক খিলি পান দিয়ে দিতেন আর খুব করে জংলি ফুলের তোড়া বানিয়ে দিতেন। ছেলেও আর ঝামেলা করতো না। এমনি করে কেটে গেল দশ দশটি বছর। ছেলের পড়াশোনা শেষ হলো। এবারে বাড়ি ফেরারও সময় হলো। ভিক্ষুও ছেলেটিকে আর আটকালেন না।
ছেলেটিও মনে মনে বাকবাকুম ডাকতে ডাকতে হাঁটা দিল গাঁয়ের পথে। যাবার পথে তার চোখে পড়লো এক অদ্ভুত সুন্দর জ্যারেজী বা কুঁচ বীজ। টুকটুকে লাল সেই বীজ দেখে ছেলেটি খুশি হয়ে গেল। কয়েকটি বীজ কুড়িয়ে নিয়ে গেল তার সাথে। বহুদিন পর বাড়ি ফিরে মা-বাবার আদরে সময় কাটাতে কাটাতে ছেলেটি এবার মায়ের কাছে আবদার করলো,
“তোমাদের কথামতো পড়াশোনা করলাম অনেক, কাজবাজও জুটিয়ে নিচ্ছি। কিন্তু আমার একটিই শর্ত— এই বীজের মতো সুন্দর, একটি কুঁচবরণ কন্যা যেন আমার বউ হয়।”
মা তখন তাকে বললেন, সে যেন তার গুরুর কাছেই এমন বউ চায়।
যে-ই কথা, সে-ই কাজ। ছেলেটি তক্ষুনি তল্পিতল্পা গুটিয়ে আবার রওনা দিল গুরুর বাড়িতে— “মা বলেছেন, আপনিই পারবেন আমাকে কুঁচবরণ কন্যা যোগাড় করে দিতে।”
গুরু মিটি মিটি হেসে বললেন, “নিশ্চয়, নিশ্চয়। তুমি এক কাজ করো বাবা। আমার এই বাড়ি থেকে পশ্চিম দিকে একটি ছোট কুটির দেখতে পাবে। সেখানে যে বুড়ি থাকে, সেই পারবে তোমার এ কাজ করতে।”
আর এক রত্তিও অপেক্ষা না করে ছেলেটি তক্ষুনি রওনা দিল বুড়ির বাড়িতে।
“ও বুড়ি মা, বাড়ি আছ? জলদি বের হয়ে আসো। আমার যে কুঁচবরণ কন্যা চাই গো।”
বুড়ি তার ফোকলা দাঁতে হেসে বললো, “আহা, কী ডাগর ছেলেখানি! নিশ্চয়, নিশ্চয়। তুমি এক কাজ করো বাবা। আমার কুটিরের পেছনে যে কলাবাগান আছে, সেখানে গিয়ে সবচাইতে সুন্দর কলাগাছটি তুমি কাটবে। এরপর সেই গাছখানা তুলে নিয়ে বাগানের একেবারে ভেতরে চলে যাবে। তারপর এক এক করে গাছের সবগুলো খাপ খুলে ফেলবে। শেষ খাপটি খুললেই তুমি পেয়ে যাবে তোমার বাসনার— সেই অপূর্ব রূপসী, কুঁচবরণ কন্যা।”
বুড়ির কথায় ছেলেটির তেমন বিশ্বাস হলো না। তবু সে আশা না হারিয়ে ধুপধাপ হেঁটে গেল কলাবাগানের দিকে। বুড়ির কথামতো কাজ করে দেখলো, বুড়ি আসলে মিথ্যে বলেনি। সত্যিই কলাগাছের শেষ খোপ থেকে নিবু নিবু চোখে তাকিয়ে আছে এক অপূর্ব রূপসী কন্যা। কিন্তু কন্যা গাছের ভেতর ছিল বলে এতই কোমল যে না পারে হাঁটতে, না পারে চলতে। শুধু ঢুলু ঢুলু চোখে তাকিয়ে থাকে। এই কন্যাকে নিজের বউ মেনে নিয়ে ছেলেটি তাকে কোলে তুলে নিয়ে হাঁটতে থাকলো।
অনেকখানি পথ হেঁটে বেশ হয়রান লাগলো তার। এক বটগাছের ডালে বউকে রেখে সে গাঁয়ের লোককে ডেকে আনতে গেল।
এই ছেলেটিকে ছোটবেলা থেকেই ভালোবাসতো পাশের বাড়ির দাসী। কিন্তু ছেলেটি কখনো তার দিকে ফিরেও তাকাতো না। কলাবাগানের কুঁচবরণ কন্যাকে যখন ছেলেটি গাছে রেখে গেল, দাসীটি দেখতে পেয়ে মনে মনে ফন্দি আঁটলো।
“এই তো সুযোগ! আমি যদি মেয়েটির জায়গা নিয়ে নিই, তাহলে গাঁয়ের লোকে জোর করে ওর সঙ্গে আমার বিয়ে দিয়ে দেবে।”
যে-ই ভাবা, সে-ই কাজ। কুঁচবরণ কন্যাকে ভুলিয়ে-ভালিয়ে, তার কাছে পান খেতে চেয়ে, দাসীটি তার হাত ধরে হ্যাঁচকা টান দিল আর নরমসরম মেয়েটি পানিতে পড়ে গেল। ওদিকে ঢোলবাদ্যি, গাঁয়ের লোককে নিয়ে বধূবরণের জন্য এসে ছেলেটি দেখে, এরই মধ্যে বধূবদল ঘটে গেছে! কিন্তু গাঁয়ের লোককে সে কিছুতেই বুঝাতে পারলো না এবং বাধ্য হয়ে দাসীটিকে বিয়ে করে বাড়ি নিয়ে গেল।
ওদিকে কুঁচবরণ কন্যা দিঘির জলে পড়ে একটি পদ্মফুলের মধ্যে আশ্রয় নিয়েছে। প্রায় প্রতি রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন সে চুপি চুপি বেরিয়ে তার শ্বশুরবাড়ি যায় আর বরের পানের বাটা থেকে একখানা পানের খিলি খেয়ে, পিক ফেলে আসে তার বিছানায়, বালিশের চাদরে কুঁচের রক্তলাল দাগ ফেলে আসে। আর প্রতিদিন সকালে ছেলেটি অবাক হয়ে ভাবে, এমন লাল রং যেন তার প্রিয় কলাকুমারীর গায়ের মতো!
এভাবে বেশ কয়েক বছর কাটে এবং দাসীবউয়ের ঘরে বাচ্চা হয়। তখন তার সেবার জন্য যাদেরকে আনা হয়, এর মধ্যে লুকিয়ে ঢুকে পড়ে তার সতীনও। এরপর দাসীবউকে গল্প শোনানোর ছলে সে তার নিজের ভাগ্যের কথা, দাসীর ছলনা আর বরের সাথে তার বিচ্ছেদের কথা বলে বলে চোখের জল ফেলে। এইসব কিছু শুনে বর তাকে চিনতে পারে।
দাসী যদিও আরো অনেক মিথ্যে বলে নিজের দোষ লুকানোর চেষ্টা করে, তবু কোনো লাভ হয় না। পদ্মফুলের মধ্যে থেকে কলাকুমারী এখন পদ্মকুমারী হয়ে উঠেছে। আগে যেমন সে নরম-সরম ছিল, এখন আর তেমনটি নেই। চলতে, ফিরতে, কাজকর্ম করতে— সবই পারে। তাকে ফিরে পেয়ে ছেলেটির আনন্দের আর শেষ রইলো না। তবে দাসীর উপর তার এতই রাগ উঠলো যে দাসী আর তার বাচ্চা, দুজনকেই সে পানিতে ভাসিয়ে দিল। প্রিয় বরের এমন নিষ্ঠুর স্বভাব দেখেও পদ্মকুমারী কিছুই বললো না। হয়তো সে-ও তাই চেয়েছিল।