সে অনেক অনেকদিন আগের কথা। এক গাঁয়ের এক মহিলাকে রাত্রেবেলা এক বিশাল সাপ এসে পেঁচিয়ে ধরলো। সাপের যা উদ্দেশ্য, তার থেকে আলাদা কিছু ইচ্ছা ছিল কি না, তা জানা নেই। কিন্তু মহিলাটি ছিল অত্যন্ত চালাক। সাপ যাতে তাকে গিলে না খায়, তাই সে সাপের সঙ্গে এক অদ্ভুত সওদা করতে চাইল।
সে এক এক করে সাপের সঙ্গে তার বড় মেয়ে, মেজ মেয়ে ও ছোট মেয়ের বিয়ে দেবে বলে লোভ দেখায়। বড় আর মেজ মেয়ের কথায় সাপ মাত্র এক পাঁক করে গা ছেড়ে দিলেও ছোট মেয়ের কথা শুনে সে একেবারেই প্যাঁচ খুলে লজ্জা লজ্জা মুখে দাঁড়িয়ে থাকে। তখন মা বুঝতে পারলো, সাপখানার মনে ধরেছে ওই তার ছোট মেয়েকেই।
এরপর আর কী, মায়ের ইচ্ছেতে ধুমধাম করে বিয়ে হয়ে গেল সাপের সঙ্গে রূপসী এক মানুষের মেয়ের। সাপ হলেও মেয়েটি তার বরের স্বভাব-চরিত্র ভালো। শ্বাশুড়ির তাকে খুব পছন্দ।
কিন্তু কেউ তো জানতো না আসল সত্যি কথাটা। এই সাপ যে-সে কোনো সাপ ছিল না। সে যে ছিল এক অভিশপ্ত রাজার কুমার। বহুদিন আগে কে যেন অভিশাপ দিয়েছিল তাকে— যদি কোনোদিন কেউ তার খোলসখানা পুড়িয়ে ফেলে, তবেই ফিরে আসবে তার আসল রূপ। একদিন চুলার লাকড়ির জায়গায় তার বউ যখন ভুল করে তার খোলসখানা আগুনে পুড়িয়ে ফেলে, তখনই ভেঙে গেল অভিশাপের মায়াজাল। বেরিয়ে পড়লো তার আসল রূপ।
সাপ পরিণত হলো এক সুদর্শন রাজকুমারে— সকলে তার নাম দিল সাপকুমার। সাপকুমারের বউ তো খুশিতে টগবগ অবস্থা। সে তো ভেবেছিল, তার কপাল বড়ই মন্দ যে মা তার বিয়ে বিষধর সাপের সঙ্গে দিয়েছে। ওদিকে ছোট বোনের এত আনন্দ দেখে বড় দুই বোন রাগে জ্বলে যায়। একে অপরকে বলে, “আসলে তো আমাদের সাথেই বিয়ে হবার কথা ছিল ওর। শেষে ছোটর কথা না তুললেই হতো!”
এমনিতে সাপকুমারের সঙ্গে ছোট মেয়ের সংসার ভালোই যাচ্ছিল। কিন্তু বড় দুই বোনের হিংসা দিনদিন বেড়েই যাচ্ছে— যদিও তাদের ছলনার কারণে কেউ তা বুঝতে পারে না। তারা সময়ে সময়ে ছোট বোনকে খালি কুবুদ্ধি দেয়।
একদিন সাপকুমার বাণিজ্যের উদ্দেশ্যে বিদেশ গেল। যাবার আগে বউকে খুব ভালো করে বুঝিয়ে গেল, যাতে সাবধানে থাকে আর কারো কোনো কুবুদ্ধিতে কান না দেয়। আর বড় দুই বোন তো এইবেলা সুযোগ পেয়ে বসলো। তাদের ইচ্ছা, ছোট বোনকে মেরে ফেলে সাপকুমারের সঙ্গে তারা সংসার করবে। একদিন বেড়াতে যাবার নাম করে ছোট বোনকে নদীর ধারে দোলনায় বসিয়ে দোল খাওয়াতে শুরু করলো। একটুখানি হাওয়া বাড়তেই দুজনে মিলে জোরে ধাক্কা দিয়ে তাকে এক ধাক্কায় নদীতে ফেলে দিল।
ওদিকে ছোট বোনের পেটে ছিল সাপকুমারের বাচ্চা। তাকে নদীতে ফেলে বড় বোনেরা বাড়ি ফিরে যাবার পরে এক জোড়া পাখি তাকে বাঁচিয়ে নিয়ে গেল। ভাবসাব দেখে মনে হয়, তারা রূপকথার ব্যঙ্গমা-ব্যঙ্গমী; নয়তো অমন বড়সড়, মানুষের ভালো করা পাখি কি আর রোজ রোজ মেলে? সে যাই হোক, পাখি দুটি ছোট বোনকে সেবা-যত্ন করে ভালো করে তুললো। সেখানেই তার একটি ছেলে জন্মালো।
এর বেশ কিছুদিন পর সাপকুমার বাণিজ্য করে দেশে ফিরছে। বাড়ি ফেরার আগেই সে গাছটির নিচ দিয়ে যাচ্ছিল। এই গাছেই আছে তার বউ আর বাচ্চা। বাচ্চার কান্না শুনে ভালোমতো কান পেতে সে শুনতে পেল,
যা রে, সাপের ছেলে ঘুমিয়ে যা—
সাপের মতো দুধ খা!
এইটুকু শুনে সাপকুমারের মনে খটকা লাগলো। মানুষের মুখে সাপের গান, এ তো যে-সে কথা নয়। এ নিশ্চয়ই তার প্রিয় বউ। সে তাড়াতাড়ি বউকে ডাকতে লাগলো,
“ওগো, আমি তোমার সাপকুমার। জলদি নেমে এসো ও গাছ থেকে।”
সাপকুমারের কথা শুনে গাছের পাখি জোড়া বলে উঠলো—
“দাঁড়াও কুমার, অত জলদি কীসের? এদ্দিন ধরে তোমার বউ-বাচ্চা পাললাম। আমাদেরও তো বখশিশ চাই। জলদি এ নদীতে গড়ে দাও এক বিশাল মাছের পাহাড়, দেখো তবে আমাদের ভুরিভোজ আহার!”
এ কথা শুনে সাপকুমার সাততাড়াতাড়ি নিজের হাতের আংটি খুলে নদীতে ফেলে বললো,
“যদি আমার প্রেম সত্য হয়ে থাকে, তবে এক্ষুনি নদীর পানি শুকিয়ে মাছের পাহাড় গড়ে উঠবে।”
যে-ই কথা, সে-ই কাজ। তক্ষুনি নদীর পানি সব যেন আস্তে আস্তে শুকিয়ে থরে-বিথরে মাছ জেগে উঠলো। অতগুলো মাছ দেখে পাখিদের আনন্দ আর দেখে কে! সাপকুমারও মনের আনন্দে বউ-বাচ্চা নিয়ে বাড়ি ফিরে এলো। তাদের দেখে লজ্জায় বড় দুই বোন কোথায় পালিয়ে গেছে, সে খবর কেউ জানে না।
তবে গল্প এখানেই শেষ নয়। ওই গাঁয়েরই এক বুড়ি এসব কাহিনী দেখে তার মেয়েরও এক বিশাল অজগরের সাথে বিয়ে দিল। কিন্তু সব সাপই তো আর রাজকুমার নয়। তাইতো অজগর একটু একটু করে বেচারি মেয়েটিকে গিলে খেতে লাগলো।
ও মা, পায়ের গোড়ালি গিলে খেলো!
— পায়ে বালা পরিয়ে দিচ্ছে।ও মা, কোমরও খেয়ে ফেললো!
— দূর হতচ্ছারি, কোমরে কোটি সাজিয়ে দিচ্ছে।ও মা গো, আমা গলা পর্যন্ত খেয়ে ফেলেছে।
— পাগল মেয়ে, ও যে গলার হার পরাচ্ছে!
সেই অজগর এরপর পেট ভরে খেয়ে লেজের উপর মাথা তুলে আরামসে ঘুমুতে লাগলো। শত হুমকিতেও সে মেয়েটিকে পেট থেকে বের করলো না। আর মেয়েটির মা কিছুতেই বুঝতে পারলো না, তার মেয়ের জামাই কেন রাজার কুমার নয়!
এমনি করেই বোকা মায়ের কুকীর্তিতে মেয়েটি তার প্রাণ হারালো। কথায় আছে না, লোভে পাপ— পাপে মৃত্যু?