এক রাজার দুই মেয়ে ছিল। রাজকন্যাদের যদিও মহলের চার দেয়ালে, বহু বিলাসিতার মধ্যেই থাকার কথা– কিন্তু এই দুই রাজকন্যা একটু অন্যরকম ছিল। দুই বোন মিলে সুযোগ পেলেই বেরিয়ে পড়তো রাজমহলের বাইরে। একদিন তাদের সাথে দেখা হলো এক কাকের। কাক তার ঠোঁটে করে নিয়ে আসছিল বেশ পাকা একটি ফল। ফলটি দেখে রাজকন্যাদের খেতে ইচ্ছে হলো। তারা বলে উঠলো– “আহা কী মিষ্টি আর টসটসে ফল!” রাজকন্যাদের কথা শুনে কাকটি ফল তাদের সামনে এসে ফেলে দিল। রাজকন্যারা সে ফল খেলো। রাজার মেয়েদের তো আর খাবারের অভাব নেই, হুকুম দিলেই অষ্টব্যঞ্জন হাজির। কিন্তু এমন ফল তারা জীবনেও খায়নি, এতই তার দারুণ স্বাদ। একটি ফল দিয়ে দুজনের মন ভরলো না। তাই তারা কাক যে রাস্তা দিয়ে এসেছিল, সেদিকে হাঁটা শুরু করলো। যদি ফলের গাছ পাওয়া যায়! বেশ অনেকটা পথ হাঁটার পর তাদের সামনে সেই অদ্ভুত স্বাদের ফলের গাছ ধরা দিল। বড় বোন গাছে চড়তে পারতো ভালো। সে-ই মগডালে গিয়ে ডাল ঝাড়া দিয়ে অনেকগুলো ফল মাটিতে ফেললো। এরপর দুই বোন দুনিয়ার চিন্তা সব বাদ দিয়ে ফলভোজে মেতে উঠলো। এত খাওয়া-দাওয়ার পর যখন তাদের পানির পিপাসা হলো, তখন বড় রাজকন্যা বললো, “তুই এখানেই থাক, আমি পানি নিয়ে আসছি।” এই বলে সে পানির খোঁজে চলে গেল। ছোটজন গাছের নিচে বসে থাকলো। বড় বোন গাছের বড় পাতার ঠোঙা বানিয়ে পানি আনতে গিয়ে বারবার এক দুষ্টু ভূতের যন্ত্রণায় সব পানি পড়ে যাচ্ছিল। তবু সে হাল ছাড়ছিল না। বারবার জলা থেকে পানি নিচ্ছিল। এরই মধ্যে ভিনদেশী এক রাজা হেঁটে যাচ্ছিল বন দিয়ে, তার নজর পড়লো সেই রাজকন্যার উপর। তখন সে তাকে বিয়ে করে রানি করে নিয়ে চলে গেল রাজমহলে, ওদিকে বেচারি ছোট রাজকন্যা পড়ে রইল গাছের নিচে। এক পাল হনুমান এসে সেই ফলের গাছে আক্রমণ করলো। কেউ একটু ফল খায়, তো আরেকজন ছুঁড়ে মারে। ভয়ে কাবু হয়ে রাজকন্যা গাছের কোটরে গিয়ে লুকালো। সেখান থেকে সে দেখতে পেলো, একটি বৃদ্ধ বাঁদর বাদে সকলেই গাছে আক্রমণ করেছে। বুড়ো বাঁদরটির গাছে চড়ার শক্তি ছিল না, তাই সে অন্য বাঁদরদের ফেলে দেয়া ফলের খোসা তুলে তুলে খাচ্ছে। সেই বুড়োর নজর পড়লো লুকিয়ে থাকা রাজকন্যার উপর। তখন সে অন্যদেরকে বললো— “আমাকে ভালো কিছু ফল দাও, আর নইলে আমি যে পুরস্কার পেতে যাচ্ছি, তা তোমাদেরকে দেব না।” কমবয়সী বাঁদরেরা তাকে নিয়ে হাসাহাসি করলো। কিন্তু ফলটল কিছুই দিল না। যখন সব বাঁদরে ফল লুটেপুটে খেয়ে চলে গেল, তখন বুড়ো বাঁদর আস্তে করে সেই গাছের কোটরে ঢুকলো। তারপর বাঁদরটি ছোট্ট রাজকন্যাকে খেয়ে ফেললো। খেয়েদেয়ে সে গাছ বেয়ে নেমে গেল, চলে গেল সেই ভিনদেশী রাজার বাগানে। সেই বাগানে বাঁদর বেশ কিছুদিন ঘুরে বেড়ালো। সেইখানে অনেকদিন পর একটি গাছ জন্মালো, তা থেকে অতি সুস্বাদু এক ফল পেল রাজবাড়ির সকলে। ফলটল যখন সব শেষ, তখন সেই গাছের কাঠ কেটে এক যোগী গায়ক একটি বাদ্যযন্ত্র বানিয়ে রাজবাড়ির সামনে গান গাইতে শুরু করলো। সেই রাজবাড়িতেই থাকে আমাদের গল্পের বড় রাজকন্যা। গায়ক সেই বাদ্যযন্ত্র হাতে নিতেই তার মাথায় নতুন গান এলো। সে গুনগুন করতে লাগলো—
“মিঠে ফল, মিঠে ফল– ও বোন আমার।
পানির খোঁজে কোথায় গেলি– ও বোন আমার।
হলো দুয়ে রাজা-রানি,
বোনটি কোথায়, কী যে জানি।
বাঁদরে আমায় নিলো খেয়ে,
কোথায় তুমি, কোথায় তুমি– ও বোন আমার।”
নতুন গান গেয়ে গায়ক তো খুব খুশি। তখনই রাজবাড়ি থেকে রানি বেরিয়ে দেখতে এলো। আসলে এ গান শুনে তার মনে হলো, তার ফেলে আসা সেই ছোট বোনটিই গাইছে। বলছে তার মনের কথা। গায়কের হাতের বাদ্যযন্ত্র দেখে রানির মনে হলো, যে করেই হোক এটা বাগাতে হবে। তখন সে গায়ককে রাজবাড়িতে নিমন্ত্রণ করলো। যে রাতে গায়ক নেমন্তন্ন খেতে গেল, সে রাতে ছলচাতুরি করে রানি বাদ্যযন্ত্রটি চুরি করলো। এর বদলে নকল একটি বাদ্যযন্ত্র রেখে দিল। আসলে সেই বাদ্যযন্ত্রে সেই ছোট রাজকন্যার আত্মা বাস করতো। সে প্রতিদিন যখন কেউ থাকতো না, তখন বেরিয়ে এসে স্নান করতো, পরিপাটি হয়ে রান্না করতো। রান্নার তিনভাগ করে সে দুই ভাগ রাজা-রানির জন্য রাখতো আর এক ভাগ নিয়ে খেয়ে আবার বাজনার ভেতর ঢুকে যেত। য় একদিন রাজা টের পেলো, প্রতিদিন কে যেন সুস্বাদু সব খাবার রেঁধে দিয়ে যায়। আর সতেজ একটা গন্ধে ঘর ভরে থাকে। একদিন তাই সে লুকিয়ে থাকলো, কী হয় দেখার জন্য। তখন রাজা দেখতে পেলো, এক অপূর্ব রূপসী কন্যা স্নানের পর কালো লম্বা চুল এলিয়ে দিয়ে গুনগুন করে গান গাইছে আর রান্না করছে। রান্নার পর নিজে খেয়ে যখনই সে আবার বাজনায় ঢুকতে যাবে, তখনি রাজা তাকে ধরে ফেললো। রাজার যে স্বভাব, ছোট বোনকেও বিয়ে করে ফেলতে চাওয়া অদ্ভুত কিছু হবে না। কিন্তু মানুষ বড় বোন, আর ছোট বোনের আত্মাকে নিয়ে সে সংসার কেমন হবে– তা ভেবে পাঠক একটু হেসে নিতেই পারেন।