এক গাঁয়ের মোড়লের দুই মেয়ে ছিল। নাম তাদের নছি ও ডিমছি। মা-বাবা প্রতিদিন কাঠ কাটার কাজ করতে যেত, আর দুই মেয়েকে রেখে যেত দাদির কাছে। দুই বোন মিলে সারা দিনভর ধান পাহারা দিত।
কিন্তু দাদি ছিল এক দুষ্টু বুড়ি। দুই নাতনিকে সে একদম দেখতে পারত না। দাদি নাতনিদের চাইতে বেশি পছন্দ করে পাখিদের। তাইতো নাতিনরা খেলা সময় তাকে ধান পাহারা দিতে বললে, সে পাহারার নাম করে ডেকে ডেকে পাখিদেরকে ধান খাওয়ায়।
এমনই একদিনের ঘটনা। নছি-ডিমছির বাবা-মা গেলেন কাঠ কাটতে জঙ্গলে। যাবার সময় মেয়েদেরকে বলে গেলেন ধান পাহারা দিতে। মেয়েরা একটু খেলতে ভালোবাসে। তাই কিছুক্ষণ কাজের পর দাদীকে ডেকে ওরা ধান পাহারা দিতে বলে খেলতে যেতে চাইল। অন্যদিনের মতো দাদীও চিৎকার-চেঁচামেচি না করে এক কথায় মেনে নিল। কিন্তু দুষ্টু দাদির ছিল অন্য ফন্দি। মেয়েদের অজান্তে সে ধানের মধ্যে অনেকগুলো ময়লা মিশিয়ে রাখলো আর মা ফিরে এসে তাই দেখে নছি-ডিমছিকে যারপরনাই মারধোর আর গালমন্দ করলো।
মনের দুঃখে মেয়ে দুটি কান্না করতে করতে রাত্রেবেলা ঘর থেকে বের হয়ে গেল।
এক বোন আরেকজনকে ডেকে বলে, “এই বন্দী অবস্থায় আর থাকব না। চল আমরা গায়ে মুরগির পালক লাগিয়ে দেখি, ওড়া যায় কি না!”
যে-ই কথা, সে-ই কাজ। গায়ে মুরগির পালকে পালকে ছেয়ে যাবার পরই ওদের মনে হলো, শরীরটা কেমন হালকা হয়ে এসেছে। ওরা চাইলেই আকাশে ভাসতে পারছে! এখন আর দুই বোনের আনন্দ দেখে কে! উড়ে উড়ে তারা গাছের ডালে, একদম ছোট্ট দুটি পাখি হয়ে বসে রইল। দুই বোনকে পাখি হয়ে উড়ে যেতে দেখে দাদী হাঁ হয়ে তাকিয়ে থাকে। গায়ে পালক লাগিয়ে এমনভাবে উড়ছে তারা, দেখে মনে হয় সত্যিই যেন পাখির ছানারা মুক্ত আকাশে গা ভাসিয়ে দিয়েছে। পরের দিন, আনাল ও গোনাল নামে পাশের গাঁয়ের দুই ভাই এসে পাখি ভেবে দুই বোনকে ধরে নিয়ে গেল। বড় ভাই আনাল নিল নছিকে, ছোট ভাই গোনাল নিল ডিমছিকে। দুজনকে নিয়ে খাঁচাতে রাখলো, তবে দরজায় তালা দিল না। ভাইয়েরা দিনের বেলা বেরোলে দুই বোন মিলে যা পায়, রান্না করে খায়।
দুই ভাই হলে কী হবে, দুজনে ছিল একেবারেই আলাদা। আনাল যেমন বদরাগী আর হিংসুটে, গোনাল তেমনি মিশুক আর ভালো স্বভাবের। একদিন বাড়ি ফিরে খাঁচায় নছিকে না পেয়ে পাহাড়ের চূড়া থেকে নছিকে ছুঁড়ে মারলো আনাল। কিন্তু সে তো সত্যিকারের পাখি নয়। গায়ের পালকগুলো সব খুলে পড়ে গেল। মারা গেল বেচারি নছি। তবে গোনাল ঠিকই তার পাখিবন্ধুটিকে ভালোবাসে।
বোনের দুঃখে ডিমছি প্রতিদিন খাঁচার মধ্যে কাঁদতে থাকে। তবে দিনের বেলা খিদেও পায়। বোন নেই, একা একাই রান্না করে। ওদিকে গোনালকে তারও খুব ভালো লাগে। তাই গোনালের সব কাজ সে করে রাখে।
একদিন ডিমছির এই কাজকর্ম দুই ভাইয়ের চোখে পড়ে গেল। তখন হিংসুটে আনাল চেষ্টা করলো ডিমছিকে নিজের বশ করতে। কিন্তু তাতে কোনো লাভ হয় না। তখন আনাল ভাবে, “এই পাখিটি তো খুব কাজের। কিন্তু ও তো আমার ছোট ভাইয়ের পছন্দের। গোনালকে পথ থেকে না সরাতে না পারলে ও আমার হবে না।”
আনাল এতই হিংসুটে যে নিজের ভাইকেও ছাড়ে না। পাঁয়তারা করে গোনালকে এক জাদুর গাছে নিয়ে গিয়ে বলে, “গোনাল, ওই গাছে ভালো ভালো ফল আছে। যা ভাই, নিয়ে আয় না!” এ কথা শুনে সরল মনে গোনাল যখন গাছে ওঠে, তখনই গাছটা সরাৎ করে উঠে যায় আকাশের পানে। আর নিচে দাঁড়িয়ে আনাল অট্টহাসি হাসতে থাকে।
এই খবর ডিমছির কানে যাওয়া মাত্র সে জঙ্গলের দিকে দৌড়ে যায় গোনালকে বাঁচাতে। সে পথে তার দেখা হয় এক কাঠঠোকরার সাথে। সেই কাঠঠোকরা তার বন্ধু কাঠঠোকরাদের নিয়ে একটি লম্বা সিঁড়ি বানিয়ে দেয়। সেই সিঁড়িতে চড়ে গোনাল নেমে আসে।
এভাবে বেশ কিছুদিন গেল ঠিকই, কিন্তু আনালের মন থেকে হিংসা তো আর যায় না। সে রোজই কিছু না কিছু দুষ্টু বুদ্ধি বের করে।
একবার সে গোনালকে নিয়ে যায় এক চোরাবালির গর্তে। ওখানে গিয়ে আনাল বলে, “চল ভাই, দুজনে মিলে কিছু কাঁকড়া ধরে আনি। তারপর মজা করে ডিমছি কাঁকড়া ভেজে দিলে সবাই মিলে খাব।” গোনালের মনে অত জিলিপির প্যাঁচ নেই। সে সহজেই বিশ্বাস করে। কিন্তু যেমনি সে কাঁকড়া ধরতে যায়, চোরাবালির গর্তে তলিয়ে যায়। আর আনাল ফিরে এসে ডিমছিকে বলে, “গোনাল তো মরে গেছে। এখন আমাকে বিয়ে করো।”
ডিমছি ঠিকই বুঝতে পারে, একথা সত্যি নয়। আবার সে ছুটে যায় সেই গর্তে। যাবার পথে তার দেখা হয় এক কুকুর আর মৌমাছির সঙ্গে। তারা ডিমছিকে সাহায্য করে গোনালকে ফিরিয়ে আনতে। কুকুর গোনালের গন্ধ শুঁকে বের করে, আর মৌমাছি তার জাদুর পাখনা দিয়ে গোনালকে বাতাস করে। সবাই মিলে এভাবেই যখন গোনালকে রক্ষা করে ফিরে আসছে— তখন তারা দেখতে পায়, রাগে পাগল হয়ে আনাল হাতে বিশাল এক কাঠ কাটার দা নিয়ে ছুটে আসছে।
এক ঝাঁক মৌমাছি, কাঠঠোকরা আর অনেকগুলো কুকুর এসে আনালকে ঘিরে ধরে আর সেখানেই মেরে ফেলে। এরপর আর গোনাল আর ডিমছির মধ্যে কোনো বাধা থাকে না। বাড়ি ফিরে গোনাল আর ডিমছি বিয়ে করে সুখে-শান্তিতে সংসার করতে থাকে। শুধু মাঝে মাঝেই ডিমছি ভাবে, যদি তার দাদি আর আনালের মতো মানুষ না থাকতো— তবে হয়তো আজো তার বোন নছির সঙ্গে সে মিলেমিশে থাকতে পারতো।