সে বহুকাল আগের কথা। হিন্দুস্তানের ফলনা রাজ্যে ছিল এক ময়রার দোকান। সে ময়রার দোকানের মণ্ডা-মিঠাই জগদ্বিখ্যাত। তার দোকানে সারাদিনই খদ্দেরের আনাগোনা লেগে থাকতো। তাই ময়রার টাকা-পয়সারও কোনো অভাব ছিল না। বিশাল দালানকোঠা তার, তাতে বিশাল পালঙ্ক। কিন্তু সেই পালঙ্কে শুয়েও ময়রার রাত্রেবেলা শান্তিতে ঘুম হয় না। কী করে হবে? তার যে কোনো সন্তান নেই। নিঃসন্তান ময়রা দুঃখে দিন কাটায়। সন্তানের দুঃখ ভুলতে সে তোতাপাখি পোষে।
এমন করে বেশ অনেকগুলো বছর কেটে গেল। একদিন ময়রার সন্তানভাগ্য ফিরলো। ময়রানি গর্ভবতী হলো। চাঁদের মতো ফুটফুটে একটি কন্যাসন্তান জন্ম হলো ময়রার ঘরে। দেখতে সে যেন তার দোকানে সাজিয়ে রাখা মণ্ডা-মিঠাইয়ের চেয়েও মিষ্টি। তাকে দেখে সবাই মনে বড় শান্তি পায়- তাই মেয়েটির নাম দেওয়া হলো ‘দেল আরাম’।
“এমন সুরত আল্লা দিয়াছিলো তারে।
সামনে আসিলে তার পরি ঝক মারে।।
ছট্টি ছিল্লা চাল্লিষ দিনের হইলো তামাম।
রাখিলো বেটীর নাম বোলে দেল আরাম।”
মেয়ে দিনে দিনে বড় হলো, বাপের ব্যবসায় সাহায্য করতে লাগলো। বাবা মিষ্টি বেচে, আর মেয়ে খদ্দেরকে পানি খাওয়ায়। মেয়েকে নিয়ে ময়রা এতই অন্ধ যে তার ভয় হয়, কেউ যদি কখনো দেলারামকে তার কাছ থেকে ফাঁকি দিয়ে নিয়ে যায়! সে চিন্তায় ময়রার চুল পেকে যায়। একদিন সে মেয়েকে কালা জাদু করে। মেয়ের মাথার চুল নিয়ে তাবিজ বানায়, সেই তাবিজ খাওয়ায় পোষা তোতাপাখিকে। তাবিজ খেয়ে তোতা মরে গেলে তোতার লাশ ফেলে দেয় এক গভীর কুয়ায়। এরপর ময়রা শুরু করে দেলারামের বিয়ের জল্পনা-কল্পনা।
দেলারাম এতই রূপবতী আর গুণবতী ছিল যে তার বিয়ের জন্য দূর দূর রাজ্য থেকে শাহাজাদা, বণিকজাদা সকলেই একে একে চলে এলো। কিন্তু দেলারামের বাবা একটা শর্ত জুড়ে দিল। সেই যে কুয়াতে তোতাকে জাদুটোনা করে ফেলেছিল, সেই কুয়াতে হীরে-জহরত, রত্নমাণিক ভরে দিতে হবে। কুয়ার একটা কোণাও যেন খালি না থাকে। কিন্তু কুয়া তো ছিল জাদু করা, তাই কোনো ধন-সম্পদেই তা ভরছিল না। তাই একে একে সকলেই হতাশ হয়ে ফিরে যায়।
“কেহ না পারিলো কুঙা ভোরে দিতে তার।
আখেরে ফিরিয়া যায় হইয়া নাচার।
এহি মত কত জন আইসে আর যায়।
কত জাহাজ খালি করে তাল নাহি পায়।”
ওদিকে দেলারাম মন খারাপ করে বসে থাকে। বাবাকে সে অনেক ভালোবাসে, কিন্তু বাবার এমন জেদের সে কোনো অর্থ খুঁজে পায় না।
সে সময়ে এক শাহজাদা ছিল, পাশের রাজ্যেই তার রাজত্ব। বড় দয়াবান শাহজাদা। শাহজাদার ন্যায়পরায়ণতা আর তার রূপ-গুণের কথা বহু দূর রাজ্যেও সকলে জানে। দেলারামও তার কথা শুনেছে। একদিন শাহজাদা স্বপ্নে দেখলেন দেলারামকে। দেলারাম তাকে দেখা দিয়ে বললো তার নাম-পরিচয়।
“পিও সরবতের যাম, নাম মেরা দেলারাম-
ঘর আমার ফলনা মুল্লুকে।
হালওয়াইর বেটী আমি।”
স্বপ্নে দেলারামকে দেখে, তার হাতের শরবত খেয়ে শাহজাদা তার জন্য পাগল হয়ে গেল। নিশিদিন তার মনে এখন শুধু দেলারামের নাম। অন্য কিছুতেই তার মনে বসে না। শাহজাদাহী গোল্লায় যায়। উজির-নাজির সকলে দুশ্চিন্তায় পড়ে, কী হলো কী- তাদের শাহজাদার হলোটা কী? উজিরকে জামাল যখন স্বপ্নের কথা বললো, তখন সে নারাজ হলো। বললো, “আপনি শাহজাদাহ- বিশাল রাজত্ব আপনার হাতে। সামান্য ময়রার মেয়ের জন্য আপনি এমন করছেন, এ কি আপনাকে মানায়?” কিন্তু জামাল অন্য শাহজাদাদের মতো ছিল না। সে মোটেও ধনী-গরিব, শাহজাদা-ময়রা এসব জাতপাত মানতো না।
“শাহজাদা কহে শুন উজির আমার।
পীরিতি করিতে কেবা জাতি ঢুঁড়ে কার।।”
কিন্তু উজির এসব কিছুই বোঝে না। সে চায়, শাহজাদার সঙ্গে বিয়ে হবে অন্য কোনো শাহজাদীর। তাই সে আশ্রয় নেয় জামাল শাহজাদার পিতা- বাদশা নামদারের। তারা দুজনে মিলে ফন্দি করে একটি নকল মিষ্টির দোকান সাজায়। সেই দোকানে মিষ্টি-মণ্ডা-সন্দেশ-জিলাপি সবই থাকে একেবারে আসল দোকানের মতো। আর সেই দোকানের এক কোণে বসানো হলো এক অতি সুন্দরী কন্যাকে। গলায় গজমোতির হার, হাতে সোনার চুড়ি, বাজুতে বাজুবন্দ। কোমরে কন্যার চন্দ্রহার, পরনে সুন্দর ছাপার শাড়ি।
এদিকে উজির গিয়ে জামালকে জানায়, “দেলারাম এসেছে আমাদের রাজ্যে- দোকান দিয়েছে শহরের প্রান্তে।” এ কথা শুনে জামাল পাগলপারা হয়ে ছোটে মিষ্টির দোকানে। কিন্তু নকল দেলারামের পায়ে আসল দেলারামের মতো তিল ছিল না- এ কথা শাহজাদা জানে। তাই সে নকল দেলারামকে দেখে ভুললো না। আবার সে দেলারামের জন্য হা-হুতাশ করতে লাগলো। উজিরের ফন্দি মাঠে মারা গেল। আর কারো কথা না শুনে শাহজাদা জামাল ঘোড়া ছুটিয়ে বেরিয়ে পড়লো দেলারামের খোঁজে। উজির শাহজাদাকে অনেক ভালোবাসতো, তাই সে-ও পিছু পিছু গেল।
দুইজনে মিলে হিন্দুস্তানে গিয়ে দেলারামের বাবার দোকান খুঁজে বের করলো। এরপর সেখানে মিষ্টি খাওয়ার পর দেলারাম তাদেরকে শরবত এনে দিলো। দেলারামকে শাহজাদা বেহুঁশ হয়ে পড়লো। পরে তাকে সুস্থ করে উজির গিয়ে ময়রার কাছে বিয়ের প্রস্তাব দিলো। কিন্তু ময়রা তো আসলে চায় না, দেলারামের বিয়ে হোক। সে সারা জীবন মেয়েকে নিজের কাছে রাখতে চায়। তাই এত ভালো শাহজাদা দেখেও সে একই শর্ত জুড়ে দিল।
“কুঙা এক আছে ঘর, যে কেহ ভরতে পারে,
টাকা কড়ি আর দিয়া মাল।”
কিন্তু সেই কুয়া যে জাদুর কুয়া! তাতে যতই সোনাদানা, টাকা-পয়সা ঢালা হয়, তার তল খুঁজে পাওয়া যায় না আর। এই কুয়ার ফেরে শাহজাদার সব ধন-সম্পত্তি পানিতে গেল। কাল যে রাজা ছিল, আজ সে হয়ে গেল ফকির। এমন অবস্থা দেখে উজির শাহজাদার কাছে গিয়ে বললো, “এই লোভের কি শেষ আছে শাহজাদা? ময়রা ভীষণ পাজি। এখানে আপনার বিয়ে হবে না। আপনি চলুন দেশে ফিরে।” কিন্তু শাহজাদার মন মানে না। সে সবকিছু ছেড়ে বনের কাঠুরিয়া হয়ে যায়। রোজ কাঠ কাটে, সেই কাঠ বাজারে বিক্রি করে। খেয়ে না খেয়ে সে শুধু মোহর জমায়। আর সেই মোহর নিয়ে ফেলে ময়রার জাদুর কুয়ায়। কুয়ার কোনো তল পায় না, তবু রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে জামাল মোহর এনে এনে কুয়াতে ফেলে। মাঝে মাঝে ময়রার দোকানে মিষ্টি খেতে যায়। দেলারামের এক ঝলক দেখে আর তার হাতের শরবত খেয়ে তার প্রাণটা জুড়ায়। কিন্তু কয়েক মুহূর্তের বেশি সে দেলারামকে দেখতে পারে না। আবার মনের দুঃখে জঙ্গলে ফিরে আসে। কাঠ কাটে, মোহর জমায়। দিন আনে, দিন খায় আর মনের মধ্যে শুধু জপতে থাকে প্রিয়তমা দেলারামের নাম।
শাহজাদা জামাল কি পারবে ময়রার শর্ত পূরণ করে স্বপ্নের দেলারামকে বিয়ে করতে? নাকি ময়রার জাদুটোনায় দেলারাম সারা জীবন একা থেকে যাবে? সবই জানা যাবে দেলারামের পুঁথির ২য় পর্বে। গল্পের শেষটা জানতে চোখ রাখুন অতিবেগুনীতে।
একদিন জামাল লাকড়ির বোঝা নিয়ে যাচ্ছিল, এমন সময় তার উপর নজর পড়লো এক শাহজাদীর। জামালকে দেখেই তার বড় মায়া হলো। সে তার উজিরকে ডেকে বললো, “ওই কাঠুরেকে ডেকে আনো।” এরপর জামালকে সামনে বসিয়ে সে তার সব কাঠ কিনে নিলো। এরপর জানতে চাইলো, কেন তার এত দুঃখ? সে কার জন্য কাঠ কাটে, কার নাম নিয়েই বা দিনভর কান্নাকাটি করে? তখন জামাল নিজের পরিচয় দিল—
“শুন বিবি মেরা হাল, আমার নাম শাজামাল, ঘর মেরা ফলনা সহরে
আমিন বাদশার ছেলে, শুন বিবি এক দেলে, কপাল গুণে এলাম দেশান্তরে।”
এই কথা শুনে শাহজাদী বলে, “আমার নিজের ছোট ভাইয়ের নামও জামাল। তার নামের মিতা তুমি— তুমিও আমার ভাই। সত্যি করে বলো, তোমার মনে কী কষ্ট— কে করেছে কপাল নষ্ট?” জামাল তখন তার পাতানো বোন শাহজাদীকে সব কথা খুলে বলে। কী করে দেলারাম তার স্বপ্নে এসেছিল— কবে সে সব ছেড়েছুড়ে পাগল হয়ে দেলারামের খোঁজে ময়রার দোকানে গিয়েছিল। আর ময়রা কেমন করে শর্ত জুড়ে দিয়ে তার সব ধনদৌলত কেড়ে নিয়েছে, সে কথাও। দেলারাম আর সেই শাহজাদী ছিল ছোটবেলার সই। তাই বুদ্ধিমতী শাহজাদী জামালকে ময়রার কুবুদ্ধি থেকে বাঁচাতে আর দেলারামের সঙ্গে মিলিয়ে দিতে সে এক ফন্দি বের করলো। সে দেলারামের কাছ থেকেই সত্যিটা জানবে বলে স্থির করে দেলারামকে ডেকে পাঠালো তার মহলে। তবে তার আগে বাদশাহী নাপিত ডেকে, দারুণ সব পোশাক আনিয়ে জামালকে একেবারে শাহাজাদার মতো করেই সাজিয়ে তুললো। দেলারাম এসে যখন জামালকে দেখলো, তখন তার যা অবস্থা হলো— সে ছিল দেখার মতো।
“দেলারামের নজর পড়ে জামাল উপরে।।
দেখে জামালেরে বিবি হয়ে গেল ধন্দ।
পিঞ্জরেতে পক্ষ যেন হইলেক বন্ধ।।
ছট ফট করে বিবি না পায় কয়েন।
ভাবিয়া ভাবিয়া কৈল চেহারা মলিন।
যেমত জাওয়ার পড়ে শিকারির শরে।
কষ্ট বদ্ধ প্রাণ যায় উড়িতে না পারে।।”
দিনরাত তার মনে এমনি করে শাহজাদার প্রেমের ফুল ফোটে। প্রেমের অনলে পুড়ে সে ছাই হতে থাকে। তাও নজর এড়ায় না শাহজাদীর। সে ক’দিন পর এসে দেলারামকে বলে, “কি জ্বালায় ঠেকিয়াছ আমাকে শুনাও।”
তখন দেলারাম নিজের দুঃখের কথা শোনায়। বিয়ে নিয়ে সব ঝামেলার কথা বলে। তার বাবার শর্তের কথা বলে। এদিকে দুয়ে দুয়ে চার মিলায় শাহজাদী। এই সময় দেলারাম শাহজাদীকে জিজ্ঞেস করে জামালের কথা— “কে এই সুপুরুষ? তাকে তো আগে দেখিনি। তোমার বাড়ি আগে কত এসেছি, এ তোমার কোন ভাই সখী?” তখন শাহজাদী তাকে জিজ্ঞেস করে, তার ভাইকে কি দেলারামের পছন্দ হয়েছে? যদি হয়েই থাকে, তবে আজ বলতে হবে তাদের বাড়ির তেলেসমাতি কুয়ার কথা— কেন সেই কুয়ার তল পাওয়া যায় না? কেন ময়রার কথামতো কেউই সেই কুয়া ধন-সম্পদ দিয়ে ভরতে পারে না? তখন দেলারাম আর কিছু লুকায় না। সবই বলে সইকে—
“আমার যেদিন জন্ম, সেদিন বাবা আমার মাথার চুল নিয়ে তাবিজ বানায়। সেই তাবিল খাওয়ায় তার পোষা তোতাপাখিকে। তাবিজ খেয়ে তোতাপাখি মরে যায়। এরপর তার লাশ ফেলে দেয় সেই কুয়ার ভেতরে। কুয়া হয়ে যায় এক আজব তেলেসমাতি কুয়া। তাই তো হীরে-মাণিক, সোনা-দানা কিছুতেই ভরে না তার তলা।”
“শেয়াল ডাকে হুক্কা-হুয়া, বলো উপায় কী সখী?
কেমনে ভরবে কুয়া, কেমনে হবে তোমার শাদি?”
“তার সমাধানও আমার কাছেই। আমার মাথার চুল দুধে ভিজিয়ে আবার যদি কেউ সেই কুয়ায় ফেলতে পারে, তবেই সব ধন-সম্পদ উপরে উঠে আসবে, ভরে যাবে কুয়া। দূরে যাবে জাদু।”
তখন কৌশলে, মাথার ফুলের সাথে দুই গাছি চুল তুলে নিল শাহজাদী। এরপর দেলারামকে সে রাতের মতো বিদায় দিয়ে গেল তার পাতানো ভাই জামালের কাছে। জামাল তো এই দিনের অপেক্ষাই করছিল এতদিন ধরে। তক্ষুনি সে গাইয়ের দোয়ানো দুধে দেলারামের চুল ভিজিয়ে ছুটলো কুয়ার পানে। সেই চুলখানা কুয়াতে ফেলতেই অদ্ভুত এক দৃশ্য দেখা গেল। কুয়ার মধ্যে রাখা এতদিনের সব হীরে-মাণিক, মুক্তা-জহরত, টাকা-কড়ি কলসি কলসি উপরে উঠে এলো। রাতের অন্ধকারেও জ্বলজ্বল করতে লাগলো ময়রার বাড়ির চারদিক। ময়রা এসে এ দৃশ্য দেখে আর কোনো উপায় না পেয়ে বললো,
“এতদিনে পেয়েছি মেয়ের যোগ্য বর, সুখে-শান্তিতে তোমরা করো দুয়ে ঘর।”
ময়রা এ কথা বলে মেয়েকে জামালের সাথে বিয়ে দিল ঠিকই। কিন্তু মেয়েকে ছাড়া তার প্রাণ সয় না। মেয়ে ভিনদেশে শ্বশুরবাড়ি যাবে, এই দুঃখে ময়রা মরে যায়।
“হালোয়াই মরিয়া গেল; পিঞ্জিয়া পড়িয়া রইল, দুনিয়ার ছাড়িয়া মোসাফেরি।
কুঙার যত মাল তার, যত ছিল জিনিশ আর, ছাড়িয়া গেল আখেরের বাড়ি।”
ময়রার মৃত্যুর পর সেই বুদ্ধিমতী শাহজাদী জামাল আর দেলারামকে ময়রার সব ধন-সম্পদ সাত জাহাজ বোঝাই করে পাঠিয়ে দিল। কিন্তু দুজনে যখন মাঝসমুদ্রে পৌঁছালো, তখনই কোত্থেকে এক ভয়ংকর ঝড় শুরু হলো। জাহাজসহ সব লোকজন, টাকাকড়ি পানিতে ভেসে যায়। মাঝসমুদ্রে তারা এক কুমিরের দেখা পায়। সেই কুমিরের পিঠে করে তারা তিন রাত তিন দিন ভেসে থাকে। এরপর কুমির তাদেরকে কিনারায় তুলে দেয়।
কিনারায় ওঠার পর দেলারাম তার কানের দুলে থাকা মোতি জামালের হাতে দিয়ে বলে, “এইখানা বেচে কিছু খাবার আর জামা-কাপড় নিয়ে এসো।” কিন্তু বাজারে গিয়ে জামাল এক দুষ্টু জহুরির খপ্পরে বললো। তার অনেক আগে থেকেই দেলারামের উপর নজর, কিন্তু ময়রার কারণে কাছে ঘেঁষতে পারতো না। তাই জামালের কাছে সব কথা শুনে সে ভুলভাল বুঝিয়ে দেলারামকে তুলে নিয়ে যায় সমুদ্রের পাড় থেকে। ওদিকে জামাল যখন মোতি বেচে সব জিনিসপত্র সওদা করে দেলারামের খোঁজে যায়, গিয়ে দেখে, সেখানে কেউ নেই।
দেলারামকে না পেয়ে সে সমুদ্রে ঝাঁপ দিয়ে মরতে যায়। কপালগুণে জহুরির বাড়ি ছিল সমুদ্রের পাড়েই। দেলারাম তখন এক দাসীকে দিয়ে জামালের কাছে খবর পাঠায় যে সে জহুরির বাড়িতে বন্দী হয়ে আছে। জামাল যেন দুইখানা ঘোড়া নিয়ে পরের দিন রাত্রেবেলা আসে। কিন্তু এমনই দুর্ভাগ্য তাদের দুজনের, মিল হয়েও হয় না মিলন। ঘটনাক্রমে দেলারাম গিয়ে পড়ে এসফেহান শহরের এক বাদশার হাতে। সেই বাদশা দেলারামের রূপ দেখে পাগল হয়েছে। তাকে বিয়ে করতে চায়। দেলারাম তাকে যতই বোঝায়, তার বর আছে- ঘর আছে, বাদশা কিছুতেই মানে না। এক ঘর থেকে আরেক ঘরে দেলারাম শুধু বন্দী হয়েই থাকে, আর ওদিকে জামাল পথে পথে দিকভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় দেলারামের আশায়।
পরে অনেক কষ্ট করে এক দয়ালু দোকানির সাহায্যে ময়রার মেয়ে দেলারাম শেষমেশ বাদশার কাছ থেকে মুক্তি পায় এবং পুরুষের বেশ ধরে সে বেরিয়ে যায় পথে। বহুদিন ধরে বহুক্রোশ পথ পাড়ি দেবার পর সে জামালের দেখা পায়। দুজনেই একদিন ছিল জাঁকজমক মহলে, আশেপাশে দাস-দাসী, পরনের সোনার পোশাক। আজ দুজনেই যেন পথের ফকির। তবু একে অপরকে পেয়ে তাদের খুশি দেখে কে!
আর দেরি না করে তারা রওনা দিল জামালের শহরে— তার বাপ-মায়ের কাছে। জামালকে ফিরে পেয়ে বাদশা-বেগমের যা আনন্দ হয়েছিল, তার একটা নমুনা হলো এই—
“ঘুচিল সব জঞ্জাল, সুখা গাছে হৈল ফল,
অমাবশ্যার রাত্রে উদয় চন্দ্র পূর্ণিমার।।
বেগম বহুকে দেখে, বোছা দিল ছের মুখে,
ছালামি দিলেক কত মোহর সোনার।
পঞ্চম বৎসর পরে, বেটা বহু আইল ঘরে,
অন্ধকার ঘরে যেন হইল গুলজ্জার।।